ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৬, ২১ এপ্রিল ২০২৩
চট্টগ্রামে ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ
ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ। ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠ প্রস্তুত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। প্রতিবারের ন্যায় এবারো জমিয়তুল ফালাহ মাঠে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত হবে ৯টায়।

বৃহস্পতিবার ঈদগাহ মাঠ পরিদর্শনকালে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিয়াতুল ফালাহ মাঠ সম্পূর্ণ প্রস্তুত। সকাল ৮টা ও ৯টায় দুটি জামাতের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরি এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক।

মুসল্লিদের সুবিধার্থে মাঠে শামিয়ানাসহ থাকছে ২০০ বৈদ্যুতিক পাখা। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি থাকছে অতিরিক্ত গাড়িতে পানির ব্যবস্থা। নিরাপত্তার জন্য সিসিটিভির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা দায়িত্ব পালন করবেন।

চসিকের তত্ত্বাবধানে সকাল ৮টায় লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময়ে হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোতে অনুষ্ঠিত হবে ঈদ জামাত।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!