ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদ পর্যটনে প্রস্তুত দুর্গাপুর

রিফাত আহমেদ রাসেল, নেত্রকোণা
প্রকাশিত: ১২:৪৪, ২২ এপ্রিল ২০২৩
ঈদ পর্যটনে প্রস্তুত দুর্গাপুর
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি দুর্গাপুর

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নেত্রকোণার দুর্গাপুর। নৈসর্গিক সৌন্দর্যের টানে প্রতিবছর হাজারো পর্যটক ছুটে আসেন এখানে। ছোট বড় অসংখ্য পাহাড় ও ভারতের মেঘালয়ের ঝর্ণাধারা থেকে সৃষ্টি সোমেশ্বরী নদীর স্বচ্ছ জল মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের।

সারা বছরই সাদামাটি পাহাড় কিংবা পর্যটন স্পটগুলো ঘুরে দেখেন পর্যটকরা। অনেকেই দু'একদিন থেকে বিজয়পুর, গোপালপুর, ফান্দা, লেঙ্গুড়াসহ উপভোগ করেন আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য। প্রতিবছরই ঈদকে কেন্দ্র করে পর্যটকদের বাড়তি চাপ থাকে সাদা মাটির পাহাড়সহ বিভিন্ন স্পটগুলোতে। পর্যটকদের ভিড় বাড়লেই ব্যবসা বাড়ে অটোচালকসহ স্থানীয় ব্যবসায়ীদের। 

অটোচালকরা বলছেন, অটোর মূল আয়ের উৎসই হল পর্যটন। আমাদের প্রায় ৫০০ থেকে ৬০০ অটো রয়েছে যারা সবাই পর্যটক আসলে বাড়তি ইনকাম হয়। পর্যটকরা চিনিমাটি, রাণীখং মিশনসহ আশপাশের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। এই সময় তারা সারাদিনের জন্য আমাদের অটোগুলো রিজার্ভ করে। একজন অটোচালক এখান থেকে এই দিনে অন্তত এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে। 

Advertisement

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি দুর্গাপুর

তারা আরো বলেন, আমরা নতুন করে আশায় আছি ঈদের পর থেকে হয়তো আবারো প্রতিটি স্পটে পর্যটকদের আনাগোনা বাড়বে এবং আমাদেরও আয় বাড়বে। এর জন্য আমরা সকলেই প্রস্তুতি নিতে শুরু করেছি। এর মধ্যে সবাই যে যার মত গাড়ি মেরামত ও উপরের ছাদ ঠিকঠাক করছি। যেন কোনো পর্যটক আমাদের অটোতে বসে কষ্ট না পায়। 

হোটেল ব্যবসায়ীযা বলছেন, বরাবরের মতো এবারো রমজান মাসে আমাদের ব্যবসা একদম নেই বললেই চলে। তবে অন্যান্য বছরগুলোতে রমজান মাসেও কিছু সংখ্যক পর্যটক ঘুরতে এসে এবং আমাদের রুমগুলো বুকিং হয়। তবে এ বছর কোন পর্যটক তেমন একটা ঘুরতে আসেননি। তাই আমরা ঈদকে ঘিরে নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছি। এর মধ্যে আমাদের রুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ পুরোপুরি শেষ হয়েছে। আমরা পর্যটকদের সুবিধার্থে নতুন করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছি। যেন পর্যটকরা এসে স্বাচ্ছন্দে আমাদের এখানে থাকতে পারে এবং পর্যটন স্পটগুলো ঘুরে দেখতে পারেন। 

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি দুর্গাপুর

উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান বলেন, রমজান মাসে এই এলাকায় পর্যটকদের উপস্থিতি অনেকটাই কম থাকে। ফলে এখানকার পর্যটন নির্ভর ব্যবসায়ীদের ব্যবসায় কিছুটা ভাটা পড়ে। আশা করছি ঈদে বিপুল সংখ্যক পর্যটক এলাকায় আসবেন। এবং আমরাও পর্যটকদের বলবো তারা যেন এ এলাকায় এসে ঘুরে ফিরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

এছাড়াও এর মধ্যে যে রাস্তাগুলোতে খানাখন্দ রয়েছে সেই রাস্তার টেন্ডার হয়েছে কাজও শুরু হয়েছে। ফলে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের তেমন কোন অসুবিধা হবে না। পর্যটকের জন্য নির্বিঘ্নে যাতায়াত করতে পারে আমরা সেই দিকে বিশেষভাবে লক্ষ্য দিয়েছি। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক মাঠে থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!