[ দেশজুড়ে ]
চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলে খুন
নিহত হোসনে আরা বেগম ও তার ছেলে পারভেজ
চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইসমত হাজীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– ঐ এলাকার মো. তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম ও তার ছেলে পারভেজ। আহতরা হলেন- সিফাত ও আরজু।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তৈয়ব ও মো. আলীর পরিবারের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলীর পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে তৈয়বের পরিবারের ওপর হামলা চালান। এতে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে মো. পারভেজ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, চলাচলের রাস্তায় পিলার বসানো নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!