শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি টেকনাফ দিয়ে নৌপথে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন ২০ রোহিঙ্গা কমিউনিটি নেতা ও সাতজন সরকারি কর্মকর্তা। পাশাপাশি তাদের নিরাপত্তার জন্য রয়েছেন দুইটি স্পিডবোটসহ বিজিবির ১৬ জন সদস্য।
এতে নেতৃত্ব দিচ্ছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
.png)
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রতিনিধি দলটি মিয়ানমারে প্রত্যাবাসনে প্রস্তুতি ও সেখানকার পরিবেশ পর্যবেক্ষণ করবে। একইদিন সন্ধ্যায় তারা আবার ফিরে আসবে। মূলত প্রত্যাবাসন হলে মিয়ানমারে রোহিঙ্গাদের যেখানে রাখা হবে, প্রতিনিধিদল সেই জায়গাটি পরিদর্শন করবে বলে জানা গেছে।
এর আগে বাংলাদেশ থেকে মিয়ানমারের কাছে আট লাখের বেশি রোহিঙ্গার একটি তালিকা পাঠানো হয়। ঐ তালিকা থেকে ফেরত নিতে পাইলট প্রকল্প হিসেবে প্রথম দফায় প্রায় ১ হাজার ১৪০ জনকে নির্ধারণ করে মিয়ানমার। সেখান থেকে ৪২৯ জনের বিষয়ে আপত্তি জানিয়েছিল দেশটি। পরে গত ১৫ মার্চ ১৯ সদস্যদের একটি টেকনিক্যাল টিম বাংলাদেশের টেকনাফে এসে ১৭৭ রোহিঙ্গা পরিবারের ৪৮০ জনের সঙ্গে সাক্ষাৎ করে মিয়ানমারে ফিরে যায়।
তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি আরআরআরসি কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।