রোববার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলিম উদ্দিন (৮৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাদুয়া গ্রামের প্রয়াত আব্দুল গফুর খানের ছেলে। তিনি শুক্রবার (৬ মে) বিকেলে ওই গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন।
.png)
অ্যান্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর মো. ফজলে রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, যুদ্ধাপরাধী আলিম উদ্দিন গফরগাঁও উপজেলার পাগলা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ শ্রীপুরের কাওরাইদে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়। পরে শ্রীপুর উপজেলার কাওরাইদের বেলদিয়া গ্রামের তার মেয়ের বাড়িতে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট, ময়মনসিংহের গফরগাঁও এবং গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ১০ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সাজার রায় দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থায় তিনি বিভিন্ন এলাকায় থাকতেন। গ্রেফতারের পর পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট তাকে ঢাকায় নিয়ে যায়।