‘দয়া করে কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম’
টাঙ্গাইলের ঘাটাইলে রাইস কুকার কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।
নবজাতকের সঙ্গে কার্টনে লেখাযুক্ত একটি কাগজের টুকরো পাওয়া যায়। এতে লেখা ছিল- ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ নবজাতকের সঙ্গে কার্টনে এক হাজার টাকাও ছিল। নবজাতকটি দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার বিভিন্ন লোকজন ভিড় করেন।
মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ফজরের নামাজ ও সকালে মক্তব শেষে বাড়িতে ধানের কাজ করছিলাম। সে সময় খবর আসে মসজিদের দরজার পাশে একটি রাইস কুকার ফেলে রাখা হয়েছে। রাইস কুকারের কার্টনটি দেখে কেউ কেউ ধারণা করছিল অন্যকিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ কার্টনেটি খুলতে সাহস পাচ্ছিল না।
.png)
এরপর ঘটনাস্থল মসজিদে এসে দেখি সামনের দরজার পাশে কার্টন। পরে মসজিদ কমিটির লোকজনদের সঙ্গে নিয়ে কার্টনটি খুলে দেখি ফুটফুটে এক মৃত নবজাতক ও সঙ্গে লেখা যুক্ত এক টুকরো কাগজ রয়েছে। পুলিশকে খবর দিলে নবজাতকটি উদ্ধার করে।
এ বিষয়ে ঘাটাইল থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টনসহ নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়। নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।