টাঙ্গাইলে মাসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চকতৈল গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগম (২৫) তার দুই ছেলে মুশফিক (২) ও মাশরাফি (৮)।
প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে তাদের ঘর বন্ধ থাকায় জানালার ফাঁক দিয়ে ঘরে উঁকি দিলে মায়ের ঝুলন্ত মরদেহ দেখা যায়। বিষয়টি অন্য
প্রতিবেশীরা জানলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুই শিশুর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে।
.png)
প্রতিবেশীরা আরো জানায়, মনিরার স্বামী মাদকাসক্ত। নেশার টাকার জন্য মাঝেমধ্যেই ঘরে অশান্তি লেগে থাকত। নেশার জন্য বাড়ির একটি ঘর বিক্রি করেছে শাহেদ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। ঘটনার পর থেকে শাহেদ পলাতক রয়েছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, আমি ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করেছি। শাহেদ পলাতক রয়েছ। শাহেদকে খুঁজে পেলে এবং মরদেহ তিনটি ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
তিনি বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।