রোববার সকালে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ির ছক্রাছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রূপান্তর চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
.png)
পুলিশ জানায়, রোববার সকালে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি ছক্রাছড়া এলাকায় রূপান্তর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য আসলে আগ থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান।
এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের সম্পাদক নিরন চাকমা জানান, ইউপিডিএফ সদস্য রূপান্তর চাকমা ওরফে লেজা (৪৭) সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে আগ থেকে ওত পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাকে হত্যার পর সন্ত্রাসীরা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে মানিকছড়ির দক্ষিণ দিকে আমছড়ি-ডিপ্পোছড়ির দিকে চলে যান।
তিনি আরো জানান, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের জন্য ইউপিডিএফের যে কার্যক্রম তা বানচাল করতে সন্তু গ্রুপের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সন্তু লারমা আঞ্চলিক পরিষদের চেয়ারে বসে এসব খুনি-সন্ত্রাসীদের লালন-পালন করছেন। অবিলম্বে রূপান্তর চাকমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।