রোহিঙ্গাদের চলাফেরার নির্দিষ্ট সীমারেখা রয়েছে কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ এলাকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। চারদিকে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ঐ সীমারেখা টেনে দেওয়া হয়েছে। তবে বেড়া দিয়েও রোহিঙ্গাদের আটকে রাখা যাচ্ছে না। বেড়ার ভেতর ও বাইরে তারা অবাধে চলাচল করছে। এ সুযোগ কাজে লাগিয়ে টেকনাফ, উখিয়া, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা।
স্থানীয়দের অভিযোগ, কক্সবাজার জেলাজুড়ে রোহিঙ্গারা ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে। জেলায় হত্যা, মাদক পাচার, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে তাদের অনেকেই।
.png)
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলো কাঁটাতার দিয়ে ঘেরা। তবে বিভিন্ন স্থানে এ বেড়া কেটে বাইরে যাওয়ার পথ বানিয়ে নিয়েছে রোহিঙ্গারা।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন-অর-রশিদ জানান, রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বেশ কিছু জায়গা কাটা রয়েছে। তবে নজরদারি বৃদ্ধিসহ পুলিশ সবসময় সতর্ক অবস্থায় কাজ করছে। এছাড়া ক্যাম্পের ভেতরে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।