ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
মোংলা বন্দর

চলতি মাসেই আমদানি ১৬২৯ গাড়ি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ২১ মে ২০২৩
চলতি মাসেই আমদানি ১৬২৯ গাড়ি
বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে মালয়েশিয়ার জাহাজ। ছবি : সংগৃহীত

মোংলা বন্দরের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। দেশে ডলার সংকট কেটে যাওয়ায় পুরোদমে শুরু হয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানি। চলতি মাসের ১৬ দিনে মোংলা বন্দরের মাধ্যমে ১ হাজার ৬২৯টি বিলাসবহুল গাড়ি এনেছেন আমদানিকারকরা। এর মধ্যে শনিবার দুপুরে জাপান থেকে এসেছে ৯২৬টি। মালয়েশিয়ার পতাকাবাহী ‘এমভি মালয়েশিয়া স্টার’ নামের গাড়িবাহী জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করার পর বিকেলে শুরু হয়েছে খালাস কাজ।

এর আগে গত ৪ মে একই জাহাজে জাপান থেকে মোংলা বন্দরে আনা হয় ৭০৩টি গাড়ি। তবে গত এক বছরে ডলার সংকটের কারণে গাড়ি আমদানি কমে যাওয়ায় ৪০০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউজ। 

মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান জানান, এই চালানে মোট ১ হাজার ৩৭৬টি গাড়ি আমদানি করা হয়েছে। এর মধ্যে ৪৫০টি গাড়ি গত ১৮ মে ৪৫০টি চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। বাকি ৯২৬টি গাড়ি শনিবার দুপুরে মোংলা বন্দরের মাধ্যমে খালাস হয়েছে। 

Advertisement

গত ১২ মে জাহাজটি বিলাসবহুল এসব গাড়ি সিঙ্গাপুরের একটি বন্দর থেকে বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। শনিবার দুপুরে জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করার পর আমদানিকৃত এসব গাড়ি জাহাজ থেকে খালাস করা হয়। এসব গাড়ির মধ্যে রয়েছে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো ও মিনিবাসসহ একাধিক ব্যান্ডের গাড়ি। ৪ মে একই জাহাজে জাপান থেকে মোংলা বন্দরে আনা হয় আমদানি করা ৭০৩টি গাড়ি। এছাড়া আগামী ৩ জুন আরো একটি গাড়ির চালান আসবে মালেয়শিয়া স্টার জাহাজে।

মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহফুজ আহমেদ জানান, গত বছরে গাড়ি আমদানি কম হওয়ায় মোংলা কাস্টমসের ৪০০ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। গাড়ি আমদানি শুরু হওয়ায় রাজস্ব আয় বাড়বে এ বন্দরে।

প্রসঙ্গত, অর্থনৈতিক সংকটের আগে মোংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে মাসে দেড়-দুই হাজার গাড়ি আমদানি হতো। গত ৯ মাসে দেশে তেমন গাড়ি আমদানি করা যায়নি। জানুয়ারি মাসের পরে ডলারসংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলোতে এলসি খোলা যাচ্ছে। ফলে এখন দেশে পুরোদমে শুরু হয়েছে গাড়ি আমদানি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!