কৃষককে অপহরণ করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা থেকে আলী হোসেন নামে এক কৃষককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
রোববার সকালে লেদার পাহাড়ি এলাকায় গরু চরাতে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে টেকনাফের গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়। ভুক্তভোগী আলী হোসেনের বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার মৌলভীপাড়ায়।
অপহৃত আলীর ছোট ভাই কামাল হোসেন জানান, রোববার সকালে তার ভাই লেদার পুরোনো রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ি এলাকায় গরু চরাতে যান। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাকে অপহরণ করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়।
.png)
কামাল হোসেন আরো জানান, রোববার বিকেলে মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি মুক্তিপণের ১০ লাখ টাকা জোগাড় করতে বলেন। এরপর অপহৃত আলীর সঙ্গে কথা বলতে দেন। এ সময় আলী তাকে জানান- রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে। অপহরণের খবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দেয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। তারপরও এ বিষয়ে অনুসন্ধান চলছে।