[ দেশজুড়ে ]
ডাক্তার দেখিয়ে ফেরার পথে নিহত ছানোয়ারা, আহত বাবা-মেয়ে
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ছানোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মনছুর রহমান (৭০) ও মেয়ে ফেলো বেগম (৩২) আহত হয়েছেন।
বুধবার দুপুরে গোয়ালমান্দা স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ারা বেগম নওগাঁর আত্রাই উপজেলার হাট কালুপাড়া গ্রামের মনছুর রহমানের স্ত্রী।
আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ফেলো বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার প্রসাদপুর বাজারে মনছুর রহমান ডাক্তার দেখিয়ে একটি অটোচার্জারে স্ত্রী, মেয়ে ও নাতনিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে উল্লিখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক্টর তাদের অটোচার্জারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী ছানোয়ারা বেগম মারা যান।
মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!