ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মরছে মাছ, শুকিয়ে যাচ্ছে জলাশয়

ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা (কুষ্টিয়া) 
প্রকাশিত: ১৪:৫৭, ১১ জুন ২০২৩
মরছে মাছ, শুকিয়ে যাচ্ছে জলাশয়
তীব্র গরমে মরছে মাছ, শুকিয়ে যাচ্ছে জলাশয়। ফাইল ফটো

তীব্র দাবদাহে খাল, বিল, পুকুর শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির দেখা নেই। ফলে বাড়ছে পানির তাপমাত্রা। এতে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার ভেড়ামারার মাছচাষিরা। গরমে ভেড়ামারার জলাশয়ের মাছ মরে যাচ্ছে। 

জানা যায়, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভেড়ামারায় বৃষ্টিপাত হয়নি। মাছ চাষের জন্য ২৫ থেকে ৩২ ডিগ্রি আদর্শ তাপমাত্রা হলেও তা রয়েছে ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে।   

সরেজমিন উপজেলার বিভিন্ন পুকুরে গিয়ে দেখা যায়, মাছ চাষিরা তাদের মাছ বাঁচানোর ক্ষেত্রে পানি সেচসহ নানাভাবে আপ্রাণ চেষ্টা করছেন। তারপরও অতিরিক্ত তাপে মরে যাচ্ছে মাছ।

Advertisement

ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের লিটন আলী ১০ বিঘারও বেশি জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করেছেন। গত দুদিনের গরমে তার অনেক মাছ মারা গেছে।  

লিটন আলী বলেন, গত দুদিনে গরমে ২-৩ মণ মাছ মরে গেছে। প্রচণ্ড গরমে মাছ তো দূরের কথা, মানুষেরও জীবনযাপন কষ্টকর হয়ে গেছে। একটু বৃষ্টি হলে আবহাওয়া ঠান্ডা হতো। গরমে মাছ মরে গত কয়েক দিনে অনেক টাকা লোকসানে পড়েছি। লোকশান কাটিয়ে উঠতে অনেক কষ্ট হবে। উপজেলার অন্য চাষিদেরও একই অবস্থা। 

মাছের ক্রেতা স্বপন আলী বলেন, মাছ মরে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। গরমে পুকুরের পানির অবস্থা ভালো না, পানি নেই। আবার দাম বেশি।  এ অবস্থায় বৃষ্টি না হলে মাছ মরতেই থাকবে। 

বাজারে আসা এক মাছ ব্যবসায়ী বলেন, পুকুরে জাল দিয়েও গরমের কারণে মাছ উঠছে না। সব মাছ গভীরে চলে যাচ্ছে। বৃষ্টি হলে মাছ ভাসবে। এখন মাছ ভাসছে না। পুকুরের গভীরে চলে যাচ্ছে। 

মাছচাষি মো. আমানউল্লাহ বলেন, আমার দুটি পুকুর রয়েছে। গরমে মাছ ছটফট করছে। মাছ বাঁচাতে স্যালোমেশিন দিয়ে পুকুরে পানি দিচ্ছি। সময় না হলেও কিছু মাছ তুলে বিক্রিও করে দিয়েছি। 

ভেড়ামারা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এবার প্রচণ্ড গরম পড়ছে। প্রাকৃতিক জলাশয়সহ চাষের পুকুরেও মাছ চাষে সমস্যা হচ্ছে। গরমের কারণে পুকুরের পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট হয়ে যায়। তীব্র গরমের ফলে পুকুরে অক্সিজেন সঙ্কট দেখা দেওয়ায় মাছ মারা যায়। বৃষ্টি না হলে পানির ব্যবস্থা করতে হবে মাছ বাঁচাতে। 

তিনি আরো বলেন, মাছ ভেসে উঠলে কিছু কৌশল প্রয়োগ করে পরিমিত খাবার দিতে হবে। হররা টেনে পুকুরের তলার গ্যাস বের করে দিতে হবে। এটি মাছ চাষের অত্যাবশ্যকীয় একটি করণীয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!