ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া দিয়ে পাচার হওয়া ১৪ কোটি টাকার হেরোইন জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ১১ জুন ২০২৩
আখাউড়া দিয়ে পাচার হওয়া ১৪ কোটি টাকার হেরোইন জব্দ
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাচারের তালিকায় এবার যোগ হলো হেরোইন। এ বন্দর দিয়ে যাওয়া দুই কেজি ২৩ গ্রাম হেরোইনসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ওপারের আগরতলা ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার অভ্যুদয় গুহ’র একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে হেরোইন জব্দ করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হেরোইনসহ আটক হওয়া ব্যক্তি হলেন, ভারতের মিজোরাম রাজ্যের সারচিপ জেলার বাসিন্দা থমাস। তিনি দোহা থেকে বিমানে ঢাকায় আসেন। সেখান থেকে আখাউড়ায় এসে স্থলবন্দর দিয়ে ৯ জুন ভারতের আগরতলায় যান।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই ব্যক্তি কালো রংয়ের স্যুটকেসের ভেতর এক্স-রে-রোধক কাগজের বোর্ড দিয়ে মুড়িয়ে দুটি প্যাকেটে করে হেরোইন নিচ্ছিলেন। এটি এক্স-রে মেশিনেও ধরা পড়েনি। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাদা হেরোইন পাউডার উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে অত্যাধুনিক মেশিন থাকলেও তা আনার পর গত এক মাসেও সেটি ব্যবহার করেনি।

অভিযোগ আছে, কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে ওপার থেকে নিয়মিত মোবাইল ও পোশাকসহ নানা সামগ্রী বাংলাদেশে আসছে। স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালী মহলরা এর সঙ্গে জড়িত। সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী বাস থেকে বিপুল মোবাইল উদ্ধার করে ভারতীয় কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!