ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ১৩ জুন ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার জেলা শহরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলার সময় অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সাত সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শাহীনুর রহমান শাহিনকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। এ নিয়ে নতুন এবং পুরাতন কমিটির নেতাকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়।

Advertisement

এদিকে, কমিটি নিয়ে শনিবার রাতে গোলাগুলি, ককটেল বিস্ফারণসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার নতুন আহ্বায়ক কমিটির নেতারা আনন্দ মিছিল করার জন্য জেলা শহরের বিরাসার এলাকায় জড়ো হন। এ সময় পুরাতন কমিটির আহ্বায়ক ফুজায়েল চৌধুরীসহ অন্য নেতারা একই স্থানে এলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ককটেল ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া শনিবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!