মসজিদে পাওয়া সেই নবজাতকের ঠাঁই হলো ছোটমনি নিবাসে
সোমবার সকাল তখন সাড়ে ১০টা। ওই সময় মসজিদের দোতলা থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। এরপর কাছি গিয়ে এক ফুটফুটে নবজাতকটি দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম। কিন্তু অনেক খোঁজ করেও তার কোনো স্বজনের সাক্ষাৎ পাননি তিনি। একপর্যায়ে নিরুপায় হয়ে শিশুটি কান্না থামাতে বাসায় নিয়ে স্ত্রীর কাছে দেন। নবজাতকটিকে উদ্ধারের তিন পরও বাবা-মায়ের সন্ধান না পাওয়ায় সমাজসেবা অধিদফতর পরিচালিত ছোটমনি নিবাসে তাকে হস্তান্তর করা হয়।
ঘটনাটি বরিশালের। বুধবার সমাজসেবা অধিদফতর পরিচালিত ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয় নবজাতকটিকে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। তিনি বলেন, এখন থেকে শিশুটির দেখভালের দায়িত্ব বহন করবে সরকার। তবে কেউ সরকারি নিয়ম মেনে অভিভাবকত্বের দায়িত্ব নিতে চাইলে আদালতে আবেদন করতে পারবে।
.png)
জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ২২ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের দোতলায় নবজাতকটি দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম। এরপর শিশুটির কোনো স্বজন না পেয়ে বাসায় নিয়ে যান।
খতিব মো. রফিকুল ইসলাম বলেন, শিশুটি উদ্ধারের পরপরই আমি পুলিশকে অবগত করি। নবজাতকটি ৫-৭ দিন বয়সী কন্যা শিশু। তাদের পরামর্শেই ১৪ জুন দুপুরে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করেছি। শিশুটির যেহেতু কোনো স্বজন নেই, তাই আমি ও আমার পরিবার দায়িত্ব নিতে চাই।
কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শিশুটিকে উদ্ধার করে সমাজসেবা অধিদফতরে হস্তান্তর করা হয়েছে।