গত দুইদিনে ৩৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা প্রশাসন। এরমধ্যে নগদ টাকাসহ ত্রাণ সামগ্রী ব্যবস্থা করে রাখা হয়েছে।
বন্যার আগাম প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
.png)
সভায় জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সিলেটে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। পূর্বাভাস রয়েছে আগামী ১৫ দিন সিলেটজুড়ে অতিবৃষ্টি হবে। এই ক’দিনে ১৪শ’ মিলিমিটারের বৃষ্টিপাত হতে পারে। ফলে সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা হলে এর ক্ষয়ক্ষতি বিবেচনায় আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাই। বৃহস্পতিবার জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছি। সবার কাছ থেকে নিজ নিজ উপজেলার পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, গত কয়েকদিনে নদীতে বেশ পানি বেড়েছে। তবে এখনো বিপদসীমার উপরে উঠেনি। সিলেটের সবকটি উপজেলায় নগদ অর্থ ও চাল মজুত রয়েছে। তবে তা পর্যাপ্ত নয়। নতুন করে চাহিদা পাঠাতে নির্দেশ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পর্যাপ্ত চাল ও নগদ অর্থ মজুত রয়েছে। চাহিদামতো উপজেলাগুলোতে পাঠানো হবে।
মো. মজিবর রহমান বলেন, গত বছরের বন্যার সময় তৈরি করা আশ্রয়কেন্দ্রগুলোকে আবারও প্রস্তুত করা হবে। এ লক্ষ্যে কেন্দ্রের তালিকা নতুন করে তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সিলেট মহানগর এলাকায় নির্বাচনের ভোটকেন্দ্রের জন্য গতবারের আশ্রয়কেন্দ্র থেকে কয়েকটি পরিবর্তন করা হতে পারে।
জেলা প্রশাসক আরও জানান, ৩ থেকে ৪ লাখ টাকা করে স্টিলের দুটি বড় নৌকা ক্রয়ের প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। কারণ, গত বছরের দফায় দফায় বন্যায় বড় নৌকার অভাব প্রকটভাবে দেখা দেয়। বন্যা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ জরুরি সভায় সিলেটে সিটি কর্পোরেশন, সিলেট মহানগর পুলিশ, জেলা পুলিশ, ফায়ার ও সিভিল ডিফেন্স এবং সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুইদিনে ৩৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে বুধবার ২৭১ দশমিক ৬ মিলিমিটার ও বৃহস্পতিবার ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ১৫ দিন বৃষ্টিপাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।