[ দেশজুড়ে ]
এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৩ বছর
ছবি: ডেইলি বাংলাদেশ
প্রতারণা মামলার আসামি হারুনুর রশিদ এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৩ বছর। তবে শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
হারুনুর ফেনীর ছাগলনাইয়ার রাঁধানগর ইউনিয়নের উত্তর পানুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ২০১০ সালের জানুয়ারিতে হারুনুর রশিদের বিরুদ্ধে ছাগলনাইয়া উপজেলার এক ব্যক্তিকে প্রতারণা করার একটি মামলা হয় আদালতে। মামলার পর থেকেই তিনি পলাতক। তার অনুপস্থিতিতে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন এবং গ্রেফতারের পরোয়ানা জারি করেন।
.png)
এরপর পুলিশ তার খোঁজে মাঠে নামে। অবশেষে শুক্রবার ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি গ্রেফতার এড়াতে নানা কৌশলে ১৩ বছর পালিয়ে ছিলেন।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, রাতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!