খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজশাহীতে আলাদা স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। শনিবার দুপুরে জেলার বাগমারা উপজেলায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, উপজেলার বাড়িগ্রামের শহিদুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (৪) এবং ধামিন কামনগর গ্রামের মোস্তাফিজুর রহমানের সামিউল ইসলাম (৬)।
বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শিশু সামিউল প্রতিবেশী এক শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরে গোসলে নামে। সামিউল পানিতে ডুবে যায়। তাকে পানি থেকে তুলতে না পেরে সঙ্গে থাকা শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, বাড়িগ্রমের শহিদুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম বেলা ১১টার দিকে হঠাৎ নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।