নিজ ঘরে হেরোইন প্যাকেজিংয়ে ব্যস্ত যুবক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সোয়া তিন কোটি টাকার হেরোইনসহ আমিনুল নামে এক যুবককে আটক করেছে র্যাব। নিজ বসতবাড়িতে হেরোইন প্যাকেজিংয়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
রোববার দুপুরে র্যাব-৫ এর রাজশাহী সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান। এর আগে শনিবার রাতে সদর উপজেলার চর হাকিমপুর টুকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসি টিম জানতে পারে উক্ত এলাকায় মাদকের একটি বড় চালান আমিনুল এনেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসির আভিযানিক দুটি দল ঐ এলাকায় অভিযান চালায়।
.png)
এ সময় আমিনুলকে হেরোইন প্যাকেজিংরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে তার থেকে সোয়া ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার ও তার শয়নকক্ষের বিছানার পাশে রাখা অবৈধ একটি শুটার গান উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপুল পরিমাণ হেরোইন ও অবৈধ অস্ত্রটি যে তার তিনি সেটা স্বীকার করেন। মাদকগুলো ঢাকাসহ সারা দেশে পাচার করতেন তিনি।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।