২৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না
ময়মনসিংহের ভালুকায় হত্যা মামলার ২৭ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান ফকিরকে (৬৫) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, একইদিন সকাল ৬টার দিকে গফরগাঁও থানাধীন কুর্শাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান ফকির জেলার ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের চান্দরাটি এলাকার ফালু ফকিরের ছেলে। নিহত ব্যক্তির নাম কালু ফকির। তিনি একই এলাকার বাসিন্দা ছিলেন।
র্যাব জানায়, কালু ফকিরের সঙ্গে তার প্রতিবেশী শাহজাহান ফকিরসহ আরো আটজনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ১৯৯৫ সালের ১৮ জুলাই সকাল ৯টার দিকে কালু ফকির স্থানীয় চান্দরাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে একটি কলাবাগানের পাশে ওত পেতে থাকা শাহজাহান ফকির, আনিস ও আলমসহ অন্যরা কালু ফকিরকে একা পেয়ে তার পথরোধ করে মারধর করেন। একপর্যায়ে মাছ ধরার কোচ দিয়ে তার পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই কালু ফকির নিহত হন।
র্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শাহজাহান ফকিরসহ আরো আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই শাহজাহান ফকির পালিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। এদিকে তার অনুপস্থিতে চলতি বছরের ১৩ জুন শাহজাহান ফকির, আনিস ও আলমকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া অপর ছয় আসামিকে খালাস দেওয়া হয়।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে শাহজাহান ফকিরকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।