ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ৩০ জুন ২০২৩
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদের দিন ময়মনসিংহের তারাকান্দায় আব্দুল খালেক (৬৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে তারাকান্দা থানাধীন আলম খাঁ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তারাকান্দার বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামের আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম রতন (২৪) এবং ময়মনসিংহ সদরের চর আনন্দিপুর গ্রামের ইউসুব আলীর ছেলে সুমন মিয়া (২৩)।

Advertisement

নিহত আব্দুল খালেক ময়মনসিংহ নগরীর চাইনামোড় এলাকার আব্দুল কাদিরের ছেলে। আব্দুল খালেক তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

র‌্যাব-১৪ এর সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ঈদের দিন সকালে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের একটি ডোবায় আব্দুল খালেকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে মো. সোহাগ বাদী হয়ে তারাকান্দা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। পরে তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ঐ দুইজনকে গ্রেফতার করে অটোরিকশাটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আব্দুল খালেক ও শহিদুল ইসলাম রতন পূর্বপরিচিত ছিলেন। এজন্য রতন প্রায়ই আব্দুল খালেকের অটোরিকশা দিয়ে তার বাড়িতে যাতায়াত করতেন। রতন ও সুমন মিয়া ঋণগ্রস্ত হওয়ায় তারা অটোরিকশাটি ছিনতাই করে ঋণ পরিশোধের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী রতন গত বুধবার বিকেলে আব্দুল খালেকের অটোরিকশা রিজার্ভ ভাড়া করে সদরের শম্ভগঞ্জ ব্রিজ এলাকা থেকে জয়বাংলা বাজারে যায় এবং সুমন মিয়াকে ফোন করে ডেকে নেন।

এই বাজার থেকেই শ্বাসরোধ করে হত্যার জন্য রশি কিনে নেন তারা। পরিকল্পনা অনুযায়ী রতন পথে গাঁজা কিনে আব্দুল খালেককে সেবন করতে প্রলুব্ধ করেন। আব্দুল খালেক গাঁজা সেবন করে নেশাগ্রস্ত হয়ে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েন। এমতাবস্থায় রতন তাকে অটোরিকশার পেছনে বসান এবং সুমন অটোরিকশাটি চালিয়ে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে নিয়ে যান। সেখানে আব্দুল খালেককে প্রথমে তারা হাত দিয়ে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করেন। কিন্তু মৃত্যু না হওয়ায় রশি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় উপর্যুপরি কয়েকবার কিল-ঘুষি মারেন। এরপর সুযোগ বুঝে আব্দুল খালেকের লাশ রাস্তার পাশের ডোবায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে চলে যান।

গ্রেফতারকৃত দুইজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-১৪ এর সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!