সূত্র মতে, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে আম উৎপাদন হয়েছে ৬৮ হাজার মেট্রিক টন। যেখানে গত মৌসুমে উৎপাদন হয়েছিল ৫১ হাজার মেট্রিক টন।
একইভাবে ২০১৫ সালে সাতক্ষীরা থেকে আম রফতানি শুরু হওয়ার পর চলতি মৌসুমেই সবচেয়ে বেশি আম রফতানি হয়েছে। যার পরিমাণ ১৫৩ মেট্রিক টন। বিগত বছরে এর পরিমাণ ছিল মাত্র ২১ মেট্রিক টন।
.png)
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, আবহাওয়া, জলবায়ু ও ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম দেশের অন্যান্য জেলার তুলনায় কয়েক সপ্তাহ আগে পাকে। এছাড়া সাতক্ষীরার হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রপালি আম স্বাদে, গুণে ও মানে অনন্য। এই বিশেষত্ব কাজে লাগিয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো সাতক্ষীরার আম বিদেশে রফতানি শুরু হয়।
সূত্র মতে, সাতক্ষীরা থেকে ২০১৫ সালে ২১ টন, ২০১৬ সালে ২৩ টন, ২০১৭ সালে ৩২ টন, ২০১৮ সালে ১৯ দশমিক ৫ টন, ২০১৯ সালে ১ টন, ২০২১ সালে ১১ দশমিক ৩৬ টন ও ২০২২ সালে ২১ টন আম রফতানি হয়। যা চলতি মৌসুমে ১৫৩ টনে উন্নীত হয়েছে। এসব আমের অধিকাংশই রফতানি হয়েছে ইতালি, ফ্রান্স, হংকং, যুক্তরাজ্য ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরায় এবার আমের যেমন বাম্পার ফলন হয়েছে, তেমনি রফতানিও হয়েছে এযাবৎকালের সবচেয়ে বেশি।