অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা
বগুড়ায় কাঁচামরিচসহ নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে কাঁচা মরিচের তিন ব্যবসায়ী ও মসলার দুই দোকানে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বগুড়া শহরের রাজাবাজার ও রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানে কাঁচা মরিচের তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। কেনাবেচার রশিদ সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি করায় তাদের জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মূল্য তালিকা প্রদর্শন না করায় মসলার দুই দোকানে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানে জরিমানা করার পাশাপাশি ভেজাল মসলা বিক্রি না করতে ও অতিরিক্ত মূল্য না নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নিত্যপণ্যের বেচাকেনার রশিদ সংগ্রহ করতে বলা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।