দুলাভাইয়ের হাতুড়িপেটায় শ্যালকের মৃত্যু
মাদারীপুরের রাজৈরে বোনের পরিবারের বিরোধ মেটাতে গিয়ে দুলাভাইয়ের হাতুড়িপেটায় শ্যালকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ঐ উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিপন শেখ একই উপজেলার পশ্চিম রাজৈরের দক্ষিণপাড়া গ্রামের আবদুল রব শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পারিবারিক কলহের জেরে রোববার বিকেলে স্ত্রী রিপা বেগমকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে রিপন শেখ পারিবারিক বিরোধ মেটাতে বোনের শ্বশুরবাড়ি যান। এতে দুলাভাই রাজ্জাক ফকির ক্ষিপ্ত হয়ে শ্যালক রিপনকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় দুই ভাইবোনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে রিপন শেখ মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।
রিপন শেখের মা মর্জিনা বেগম বলেন, রাজ্জাক ফকির আমার মেয়ে ও ছেলেকে মারধর করেছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে ছেলেকে হত্যা করেছে। আমার ছেলের হত্যার বিচার চাই।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, পারিবারিক কলেহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।