ট্রলার হারিয়ে নিঃস্ব প্রতিবন্ধী বাবু
ঝালকাঠিতে গাছ থেকে পড়ে পঙ্গু হওয়া বাবু খান নামে এক যুবকের পরিবারের একমাত্র অবলম্বন ট্রলারটি চুরি হয়েছে। আয় রোজগারের অবলম্বনটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ঐ পরিবারটি।
প্রতিবন্ধী যুবক বাবু খান শহরের কিফাইতনগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে বড়ই দুশ্চিন্তাগ্রস্ত বাবু। তিনি বলেন, কিশোর বয়স থেকে গাছ শ্রমিকের কাজ করি। ২ বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হই। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা করিয়ে সুস্থ হলেও চিরতরে পঙ্গুত্ববরণ করতে হয়।
তিনি আরো বলেন, দুর্ঘটনার প্রায় ৭ মাস আগে জমানো টাকায় ট্রলার কিনছিলাম। এতো জখম, বিপদের পরেও ট্রলার বিক্রি করিনি। ট্রলার ভাড়া দিয়েই যা পাইতাম তা দিয়ে সংসার ও সন্তানের পড়ালেখার খরচ চালাতাম।
.png)
বাবু বলেন, গাবখান ফেরিঘাট এলাকায় মসজিদের ঘাটে নোঙর করা থাকতো ট্রলারটি। বৃহস্পতিবার ভোর রাতে চোরচক্র সেই ট্রলারটি নিয়ে যায়। ট্রলার ঘাটে না পেয়ে খোঁজাখুঁজি করলে বারইকরণ চড়ে মই ও লগি পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছি।
স্থানীয়রা জানান, বাবু ভালো ও ভদ্র প্রকৃতির মানুষ। গাছের শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গাছ থেকে পড়ে গিয়ে কোমড় ভেঙে গেছে। বিভিন্ন জায়গায় হাত পেতে দান, অনুদানে তাকে চিকিৎসা করিয়ে সুস্থ করা হয়েছে।
দুর্ঘটনার শিকার হওয়ার ৭-৮ মাস আগে ট্রলার কিনেছিলেন বাবু। শত কষ্টের মাঝেও ট্রলার বিক্রি না করে অবলম্বন হিসেবে জীবনের বাকিটা পথ চলতে চেয়েছিলেন। চুরি হয়ে যাওয়ায় এখন বাবুর সব শেষ হয়ে গেছে।
সদর থানার ওসি নাসির উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।