পদ্মায় নিখোঁজ সিয়ামের লাশ উদ্ধার
চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে এসে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ সিয়াম হোসেনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর সাতবাড়িয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো নিখোঁজ রয়েছে তার চাচাতো ভাই ১২ বছরের সাজিদ।
মৃত ১১ বছরের সিয়াম হোসেন নগরীর উপকণ্ঠ এলাকা চর সাতবাড়িয়ায় এলাকার শুকুর আলীর ছেলে সিয়াম। আর সাজিদ হোসেন চরশ্যামপুর এলাকার নেকবর আলীর ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
জানা গেছে, সিয়ামের চাচার বাড়িতে বিয়ের নিমন্ত্রণে এসেছিল সাজিদ। কয়েকজন শিশুসহ তারা পদ্মায় গোসল করতে যায়। কিন্তু সিয়াম ডুবে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে সাজিদও ডুবে যায়। তবে বাকি তিনজন তীরে উঠতে সক্ষম হয়। তারপর ঘটনাটি তারা স্থানীয়দের জানান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজে নামেন।
.png)
রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুর বারী বলেন, চারজন ডুবুরি কাজ করছেন। অভিযানের দ্বিতীয় দিনে সিয়াম লাশ উদ্ধার করা হয়েছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মতিহার থানার ওসি রুহুল আমিন বলেন, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।