টানা বর্ষণে চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধস
মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে। রাতভর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। পানি ঢুকে পড়েছে নগরীর বিভিন্ন বাসা ও দোকানপাটে। অতিবৃষ্টিতে পাহাড় ধসের কারণে বন্দর নগরীর টাইগার পাস এলাকায় সকালে কয়েক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। এছাড়া পাহাড় ধসে বান্দরবান থেকে থানচি সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার ভোররাতে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পাহাড় ধসে রাস্তার একটি চলন্ত গাড়ির ওপর পড়ে। এতে গাড়িটির সামনের অংশ ভেঙে যায়। বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। পরে গাড়িটি সরিয়ে ফেললে দুপুরের দিকে স্বাভাবিক হয় পরিস্থিতি। পাহাড় ধসের কারণে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বন্ধ রয়েছে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পাহাড়ের মাটি ধসে পড়ার দ্বিমুখী ওই সড়কের লালখান বাজার থেকে টাইগার পাসগামী অংশে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীতমুখী লাইনে যানবাহন চলাচল করছে।
.png)
বান্দরবানে দুদিনের বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সকালে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মধ্যবর্তী স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানচি ইউএনও মুহা. আবুল মনসুর।
স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও জানান, বৃহস্পতিবার মাঝরাতে অতিবৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে অনেক বড় একটি পাথর পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাথরটি সরাতে কাজ শুরু করেছে থানচি ফায়ার সার্ভিস।