ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ মাসের সাজা এড়াতে আত্মগোপনে ছিলেন ৫ বছর

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ৯ আগস্ট ২০২৩
৯ মাসের সাজা এড়াতে আত্মগোপনে ছিলেন ৫ বছর
গ্রেফতারকৃত আবুল কাশেম

ফেনীর সোনাগাজীতে চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ৯ মাসের সাজা ও ২ লাখ ৬০ হাজার টাকার অর্থদণ্ড পেয়েছিলেন মো. আবুল কাশেম ওরফে আবুল হাশেম। সেই সাজা থেকে বাঁচতে দীর্ঘ ৫ বছর পালিয়ে ছিলেন তিনি। অবশেষে র‌্যাব-পুলিশের কাছে ধরা পড়েন আবুল হাশেম।

মঙ্গলবার বিকেলে উপজেলার কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আবুল কাশেম উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর এলাকার আবদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালের চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে ফেনীর আদালতে মামলা হয়। মামলার পর তিনি আদালতে হাজির না হয়ে গ্রেফতার এড়াতে ঢাকায় আত্মগোপনে চলে যান। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড ও দুই লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

Advertisement

সোনাগাজী মডেল থানার এএসআই রিমন চক্রবর্তী বলেন, আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা পাওয়ার পর আবুল কাশেমের খোঁজে মাঠে নামে র‌্যাব ও পুলিশ। গ্রেফতার এড়াতে তিনি প্রায়ই স্থান পরিবর্তন করতেন। গত কয়েকদিন আগে তাকে ধরতে র‌্যাব ও পুলিশ সদস্যরা তার গ্রামের বাড়িতে এবং সম্ভাব্য কয়েকটি স্থানে গিয়ে খোঁজখবর নেন।

তিনি আরো বলেন, গোপন খবরে জানতে পারি কাশেম টাকা পরিশোধের ভয়ে ঢাকায় আত্মগোপনে রয়েছেন। মাঝে মধ্যে রাতে বাড়িতে এসে আবার ভোর হওয়ার আগেই চলে যান। পরে তার ফোন নম্বর ও ছবি সংগ্রহ করা হয়। ফোন নম্বরের সূত্র ধরে মঙ্গলবার উপজেলার কাজীরহাট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-পুলিশ।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে কাশেমকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!