টঙ্গীতে ট্রেনে ছিনতাই-হামলা: আরো পাঁচজন গ্রেফতার
গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও পাথর নিক্ষেপের ঘটনায় আরো পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর টঙ্গী ও রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে একই ঘটনায় ৯ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
.png)
র্যাবের হাতে গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের রমজান হোসেন, আসিফ দেওয়ান, ভোলার আইমান এবং নেত্রকোণার আলাউদ্দিন, রিপন মিয়া। তারা সবাই টঙ্গী ও আশপাশের এলাকায় থাকতেন। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাকু, তিনটি খুর, একটি ফোন এবং নগদ ১১০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায় এবং একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকেন। এতে কয়েক যাত্রী আহত হন এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন। এসময় যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। তাদের ছুরিকাঘাতে কয়েকজন যাত্রী আহত হন।
এ ঘটনায় ট্রেনের টিটিই গোপালচন্দ্র বাদী হয়ে শুক্রবার দুপুরে কমলাপুর রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করেন। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এই ৫ জনকে গ্রেফতার করা হয়।