ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে অপহরণ, ৬ দিন পর ঝালকাঠি থেকে উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ৭ আগস্ট ২০২৩
গাজীপুরে অপহরণ, ৬ দিন পর ঝালকাঠি থেকে উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর থেকে অপহরণের শিকার এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। পরে ওই শিশুকে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় হস্তান্তর করা হয়।

সোমবার ভোরে ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারী কেউ গ্রেফতার হয়নি।

ওই শিশুর নাম সালমা আক্তার (৬)। সে গাজীপুর জেলার জয়দেবপুর ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাওলানা নুর মোহাম্মদ মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী।

Advertisement

র‍্যাব বলছে, ১ আগস্ট সকালে ওই ছাত্রীর আত্মীয় পরিচয় দিয়ে মাদরাসা থেকে তাকে নিয়ে দোকানে খাবার কিনে দেওয়ার কথা বলে অপহরণ করেন রিয়াজ জমাদ্দার (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গত শুক্রবার ভুক্তভোগী শিশুর ভাই মো. হাবিবুল্লাহ বিল্লাল গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করলেও অপহরণকারী পলাতক রয়েছেন।

র‍্যাব-৮-এর সিপিএসসি কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম বলেন, শিশুটিকে অপহরণ করে অপহরণকারী তার নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসস্ট্যান্ডে অবস্থান নেন। র‍্যাব তার অবস্থান শনাক্ত করে অভিযান চালালে অপহৃত শিশুটি উদ্ধার হয়। সে সময় অপহরণকারীকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: অপহরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!