ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ১৫ আগস্ট ২০২৩
পঞ্চগড়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলিয়া ও দেবীগঞ্জের পৃথক তিন স্থানে এসব ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলামের নয় বছর বয়সী ছেলে সৌরভ, একই ইউনিয়নের মুহিগছ গ্রামের রুহুল্লাহ চৌধুরীর তিন বছর বয়সী ছেলে সাইফুল্লাহ এবং দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের মহলদার গ্রামের সুজন ইসলামের দেড় বছর বয়সী ছেলে সোহান।

জানা যায়, দুপুরে তেঁতুলিয়ার মাঝিপাড়া গ্রামের সৌরভ অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানায় সৌরভ পুকুরের পানিতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয়রা সৌরভকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মুহিগছ গ্রামের সাইফুল্লাহ পুকুরে গোছল করতে নামলে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একইদিন সকালে দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের মহলদার গ্রামের শিশু সোহান বাড়িতে খেলা করছিল। এ সময় শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!