শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, সদর উপজেলার বড় হরণ গ্রামের একটি দোকানের মালিকানা নিয়ে মলাই মিয়ার সঙ্গে একই এলাকার রমজান মিয়ার বিরোধ চলছিল। এর জেরে বিষয়টি মামলা মোকদ্দমায় গড়ায়। এর মধ্যে একপক্ষ খবর পায় বিরোধ নিষ্পত্তি হওয়ার আগেই মলাই মিয়ার লোকজন দোকানটি দখলের পাঁয়তারা করছেন। এমন খবর পেয়ে রমজান মিয়ার লোকজন দুপুর ১টার দিকে বড় হরণ বাজারে গিয়ে দোকান দখলের পাঁয়তারার বিষয়টি জানতে চান মলাই মিয়ার পক্ষের লোকজনের কাছে।
.png)
পরে এ নিয়ে মলাই মিয়ার পক্ষের সঙ্গে রমজান মিয়ার লোকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষ পাশের রেললাইনের উপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একে অপরের দিকে রেললাইনের পাথর নিক্ষেপ করেন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সদর মডেল থানার এসআই মো. সাফায়েত উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।