মলয় বোস হত্যা মামলার সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
ফরিদপুরের চাঞ্চল্যকর মলয় বোস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সালথার গোয়ালপাড়ার মনিরুজ্জামান শেখ ওরফে মনির ও খাগৈর গ্রামের সাত্তার মোল্লা।
.png)
জানা যায়, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রনকাইল নামকস্থানে প্রতিপক্ষের হাতে খুন হন আটঘর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মলয় বোস। এ ঘটনায় তার স্ত্রী ববিতা বোস বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।
২০১২ সালের নভেম্বরে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২০১৩ সালের ২৪ মার্চ রোববার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এ মামলার রায় ঘোষণা করেন।
বিচারিক আদালতে এই মামলার ৯ আসামিকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজনকে খালাস দিয়ে পাঁচজনকে যাবজ্জীবন দেন।
ঐ পাঁচজন হলেন- উজ্জল, মিজানুর, মামুন, মনিরুজ্জামান ও বেলায়েত। এছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১২ জনের মধ্যে হাইকোর্ট চারজনের দণ্ড বহাল রেখে আটজনকে খালাস দেন। ঐ চারজন হলেন, সাত্তার মোল্লা, আক্কাস, নজরুল ও ইমরান।