ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ২ টিকেট কালোবাজারির কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ২ টিকেট কালোবাজারির কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ টিকেট কালোবাজারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে সাজা দেন সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন।

কারাদণ্ডপ্রাপ্ত সুমন মিয়া (২৩) জেলা শহরের  উত্তর মোড়াইল এলাকার কুদ্দুস মিয়ার ছেলে ও সাব্বির হোসেন (২৪) জেলার সদর উপজেলার তাশশহর (পূর্ব) ইউনিয়নের অষ্টগ্রাম এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অনেকদিন ধরে টিকেট কালোবাজারি হয়ে আসছিলো। শনিবার দুপুরে স্টেশনের বাইরে সুমন নামে এক টিকেট কালোবাজারিকে আটক করেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় সুমন বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকেট পকেট থেকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ডাস্টবিন থেকে টিকেটগুলো সংগ্রহ করেন।

Advertisement

খবর পেয়ে সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন রেলস্টেশনে পৌঁছান। পরে গণনা করে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৭১টি টিকেট পাওয়া যায়। এ সময় টিকেট কালোবাজারির সহযোগী সাব্বিরকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সুমন মিয়াকে ১ বছর ও সাব্বির হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর আখাউড়া রেলওয়ের চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান ভূঁইয়া ও সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!