ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী-স্ত্রীর মনোমালিন্যে লাখ টাকায় শিশু বিক্রি, বাবাসহ গ্রেফতার ৪

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৩
স্বামী-স্ত্রীর মনোমালিন্যে লাখ টাকায় শিশু বিক্রি, বাবাসহ গ্রেফতার ৪
গ্রেফতারকৃতরা

স্বামী-স্ত্রীর মনোমালিন্যের জেরে এক লাখ টাকায় দেড় বছর বয়সী ছেলেকে অন্যের কাছে বিক্রি করে দেন বাবা। এই অভিযোগে পুলিশ ঐ শিশুর বাবাসহ চারজনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে শিশু মকবুল হাসানকেও।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- শিশু মকবুলের বাবা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ এলাকার মল্লিকপুর গ্রামের সাবহাব উদ্দিনের ছেলে সালেহ নুর, একই জেলার শান্তিগঞ্জ থানা এলাকার বাবনিয়া গ্রামের আশক আলীর ছেলে মনফর আলী, জগন্নাথপুর থানা এলাকার কাজিরগাঁও গ্রামের দারিছ মিয়ার ছেলে রমাই মিয়া এবং নরসিংদীর স্থায়ী বাসিন্দা ও সুনামগঞ্জ সদর থানা এলাকার ভাড়াটিয়া খেজাউরা হাছন নগর এলাকার রফিক আলমের মেয়ে লাকি আক্তার।  

জানা যায়, গত রোববার শান্তিগঞ্জ থানায় শিশু মকবুল হাসানের মা মাফিয়া বেগম সন্তান বিক্রির অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে শান্তিগঞ্জ থানা পুলিশ সুনামগঞ্জ জেলার ছাতক, জগন্নাথপুর, জামলাগঞ্জ থানা এলাকা এবং নরসিংদী থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেন। একইসঙ্গে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে থানায় নেয়া হয়।

Advertisement

পুলিশ জানায়, মাফিয়া বেগম এবং তার স্বামী অভিযুক্ত সালেহ নুরের মধ্যে পারিবারিক ও দাম্পত্য কলহ নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। এতে মাফিয়া বেগমকে দুই শিশু ছেলে তার বাবার বাড়ি শান্তিগঞ্জের বাবনিয়া গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। এক মাস আগে অভিযুক্ত সালেহ নুর তার শ্বশুরবাড়ি বাবনিয়া গ্রামে গিয়ে স্ত্রী এবং সন্তানদের নিয়ে যেতে চান। তবে মাফিয়া বেগম তার স্বামীর সঙ্গে মনোমালিন্য থাকার কারণে বাবার বাড়িতে থেকে যান। পরে তার স্বামী সালেহ নুর নিজের বৃদ্ধ মায়ের অসুস্থতার কথা বলে দুই ছেলেকে সঙ্গে নিয়ে আসেন।

কিছুদিন পর স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান হলে মাফিয়া বেগম তার দুই ছেলের কথা জিজ্ঞাস করেন। ছেলেরা তার দাদির সঙ্গে ঢাকা শহরে গেছে বলে জানান নুর। পরে মাফিয়া বেগম শাশুড়ির সঙ্গে কথা বলে জানতে পারেন যে, তার বড় ছেলে রাব্বি হাসান তার কাছে আছে। ছোট ছেলে মকবুল কোথায় আছে জানতে চাইলে তারা তালবাহানা শুরু করেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে মাফিয়া বেগম খজন নিয়ে জানতে পারেন- মনফর আলী ও রমাই মিয়ার সহায়তায়  লাকী আক্তারের কাছে এক লাখ টাকার ছোট ছেলে মকবুল হাসানকে বিক্রয় করে দিয়েছেন নুর।

শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, শিশু বিক্রির অভিযোগের ঘটনায় শিশু মকবুলের মা মাফিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক, জগন্নাথপুর, জামলাগঞ্জ থানা এলাকা ও নরসিংদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর সার্কেল) শুভাশিষ ধর বলেন, অভিযোগ পেয়ে শিশু মকবুলকে নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!