ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাশের হাটে প্রতিদিন কোটি টাকার পোনা বেচাকেনা 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ২০ সেপ্টেম্বর ২০২৩
দাশের হাটে প্রতিদিন কোটি টাকার পোনা বেচাকেনা 
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া হাইওয়ের পাশে অবস্থিত দাশের হাট দক্ষিণের সবচেয়ে বড় মৎস্য পোনার বাজার। ২০১৪ সালে গড়ে ওঠা এই হাটে প্রতিদিন কোটি টাকার পোনা বেচা-কেনা হয়। প্রতিদিন কয়েকশো খুচরা ও পাইকারি হকার মাছের পোনা বেচা-কেনা করেন।

প্রতিদিন বরিশালসহ গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে হকার ও পোনার মালিকরা নছিমন, করিমন, ভ্যান ও মিনিট্রাকে মাছের পোনা নিয়ে হাজির হন। বিভিন্ন দামে, কেজি ও ইঞ্চি পদ্ধতিতে চলে পোনা বেচা-কেনা। ভোর থেকে সকাল ৯-১০টার মধ্যেই শেষ হয়ে যায় এ বাজারের কেনা-বেচা।

জানা যায়, স্থানীয় মাছের পোনার বড় ব্যবসায়ীরা যশোর, ময়মনসিংহ ও অন্য জেলা শহর থেকে পোনার রেণু বা ডিম কিনে এনে তাদের পুকুরে লালন পালন করে সেই পোনা আবার এই বাজারে এনে বিভিন্ন ভ্রাম্যমাণ হকারের কাছে বিক্রি করেন। কোনো কোনো স্থানীয় ব্যবসায়ী ডিম থেকে পোনা উৎপাদনের হ্যাঁচারি স্থাপন করে পোনা উৎপাদন করে এই বাজারে বিক্রি করেন। পরে ভ্রাম্যমাণ হকাররা প্রয়োজন মতো বিভিন্ন মাছের পোনা এ বাজার থেকে কিনে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন।

Advertisement

বিভিন্ন রকমের কার্পজাতীয় মাছ ও জিওল মাছের পোনা যেমন রুই, কাতলা, মৃগেল, সিলবার, কারফু, গ্রাসকার্প, চিতল, তেলাপিয়া, কৈ, পাবদা, মাগুর, শোল, ট্যাংরা, পাঙাশসহ প্রায় সকল প্রকার মাছের পোনা কেনা-বেচা হয়। ব্যবসায়ীরা নামমাত্র খাজনা পরিশোধ করে এখানে মাছের পোনা বিক্রি করতে পারেন।

এ বাজারে প্রতিদিন  প্রায় কোটি টাকার পোনা কেনা-বেচা হয় বলে জানান ব্যবসায়ীরা। প্রতিদিন এ বাজারকে কেন্দ্র করে কয়েক হাজার পরিবারের জীবিকা নির্বাহ হয়। কেউ কেউ মাছের পোনা বিক্রির সরঞ্জাম যেমন জাল, পাতিল, ছোট-বড় ড্রাম, টিন, গামলা, ঝাঁপি ভাড়া দিয়েও জীবিকা চালাচ্ছেন। কেউ মাছের খাবার ও ওষুধ বিক্রি করেন। কেউ আবার মাছের পোনা বহনকারী ব্যাটারি বা ইঞ্জিনচালিত গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

দাসের হাট মৎস্য বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন বলেন, বাজারকে কেন্দ্র করে স্থানীয় প্রচুর মানুষ এখন মাছের পোনা উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িয়েছেন, যা একদিকে স্থানীয় মানুষের বেকারত্ব দূর করছে অপরদিকে দেশের আমিষের চাহিদা মেটাচ্ছে। তবে এ বাজারে ব্যবসায়ীদের পোনা বেচা-কেনার সুবিধার্থে একটি টিনশেড ছাউনি ঘর নির্মাণ করা একান্ত জরুরি।

মৎস্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, মৎস্য অধিদফতর থেকে টিনশেড ছাউনি নির্মাণসহ সব ধরনের সহযোগিতা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!