চলন্ত অবস্থায় স্ট্রোকে অটোরিকশা চালকের মৃত্যু
নারায়ণগঞ্জ বন্দরে চলন্ত অবস্থায় স্ট্রোক করে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে এক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকালে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম শম্ভু দাস। তিনি বন্দরের বাবুপাড়া এলাকার রতন দাসের ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শম্ভু দাস নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বন্দর খেয়াঘাট স্ট্যান্ড থেকে এক যাত্রী নিয়ে সোনারগাঁওয়ে যাচ্ছিলেন তিনি। নবীগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় শম্ভু দাস স্ট্রোক করেন। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মদনগঞ্জ-মদনপুর সড়কের পাশের খাদে পড়ে। এতে হানিফ নামে ঐ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে শম্ভু দাসকে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসক শম্ভু দাসকে মৃত ঘোষণা করেন।
.png)
বন্দর থানার এসআই আহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে অটোরিকশা চালকের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।