ঝালকাঠিতে মোটরসাইকেলের সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাসিন নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনা নাসির উদ্দীন নামে আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের মঠবাড়িয়া মাদরাসা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মহাসিন ফকির ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেন। তিনি রাজাপুর উপজেলা ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে। এছাড়া আহত নাসির উদ্দীন উপজেলার মঠবাড়িয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঐ সড়কে মহাসিন ও নাসির নিজ নিজ মোটরসাইকেল নিয়ে বিপরীত দিক থেকে আসছিলেন। মঠবাড়িয়া মাদরাসা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে মহাসিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল নেয়ার পর মহসিনকে মৃত ঘোষণা করেন শের-ই বাংলা হাসপাতালের চিকিৎসক। অপর আহত ব্যক্তি বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।
.png)
বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়। তিনি জানান, হাসপাতালে নেয়ার পর মহাসিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।