ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে মারল প্রতিপক্ষরা, গ্রেফতার ৭

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৩
জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে মারল প্রতিপক্ষরা, গ্রেফতার ৭
নারীকে পিটিয়ে হত্যা গ্রেফতার ৭

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে লাইলী বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান।

নিহত লাইলী বেগম মাইলাগী গ্রামের মৃত সাইজুদ্দীনের স্ত্রী।

Advertisement

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঘিওরের মাইলাগী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘিওর থানায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ছেলে সাইফুল ইসলাম। রাত সাড়ে ১২টার দিকে ঘিওর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে হামলার মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হানিফ (৪৫), মনোয়ার (৩২), লাইলী বেগম (৩৫), চম্পা (৫৫), হারান মল্লিক (৫৫), সুফিয়া (৫০) ও মাইনুদ্দিন মানু (৩৮)।

ওসি মো. আমিনুর রহমান জানান, লাইলী বেগমের পরিবারের সঙ্গে একই গ্রামের হানিফ ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুর ২টার দিকে আরেক প্রতিপক্ষ অনিল জোরপূর্বক জমির সীমানা ঘেঁষে ঘর তুলতে যান। এ সময় লাইলী বেগমের ছেলে সাইফুল ও তার ফুফাতো ভাই শহিদ ঘর তুলতে নিষেধ করেন।

একপর্যায়ে তাদের মাঝে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ দেখে ঘটনাস্থলে লাইলী বেগম এগিয়ে গেলে অনিল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে লাইলী বেগমকে এলোপাতাড়ি গাছের ডাল দিয়ে মারধর শুরু করেন। এতে মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় লাইলী বেগমকে স্বজনরা উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!