গরিবের ডাক্তার আব্দুল মান্নান
গরিব মানুষদের চিকিৎসা দিতে নিরলসভাবে সেবা করে চলেছেন কুষ্টিয়ার ভেড়ামারার ডা. আমিরুল ইসলাম মান্নান। তার দেওয়া চিকিৎসা পেতে দূর-দূরন্ত থেকে ছুটি আসছে মানুষ।
আব্দুল মান্নানের গ্রামের বাড়ি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুরে। তার বাবার নাম মৃত আব্দুল আজিজ। ১০ ভাই-বোনদের মধ্যে ৪ নম্বর সন্তান তিনি। খুব গরিব মানুষের সন্তান হওয়াতে খুব কষ্ট করে জীবন সংগ্রাম করে মানুষ হতে হয়েছে। তাই গরিবের বিষয়টি তিনি খুবই কাছ থেকে উপলব্ধি করেন।
ভেড়ামারা গোলাপনগর বাজারে তার চেম্বার। তার চেম্বারের সামনে প্রতিদিন চিকিৎসা নিতে জড়ো হয় প্রায় ৩০-৪০ জন নারী-পুরুষ রোগী। মাত্র ১০০ টাকা ফি নিয়ে রোগী দেখেন তিনি। আবার বেশি গরিব হলে কোনো ফি নেন না। এখনকার সময়ে অল্প টাকায় প্রাইভেট চেম্বারে চিকিৎসা পাওয়া চরম মুশকিল বলে জানালেন রোগী আব্দুস সালাম ও মমেনা খাতুন।
.png)
রুবিনা নামে এক রোগী বলেন, শহরে গেলে প্রাইভেটভাবে বড় ডাক্তারকে দেখাতে ৭০০ করে টাকা নিয়ে রোগী দেখেন ডাক্তার। আর সামান্য টাকায় ডাক্তার আমিরুল ইসলাম মান্নান সেবা দিয়ে যাচ্ছেন। তার মত সবাই যদি এত কম টাকায় ভালো চিকিৎসা সেবা দিত, তাহলে সমাজে অবহেলিত মানুষগুলো চিকিৎসা সেবায় রোগ ভালো হতো।
ডাক্তার আমিরুল ইসলাম মান্নান বলেন, টানা ৩৪ বছর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে চাকরি করে এখন আমি অবসরে। তাই নিয়মিত ভেড়ামারা গোলাপ নগর বাজারে আমার নিজ দোকান ঘরে চেম্বারে বসি। ঘর ভাড়া দিতে হয় না। রোগীরা চিকিৎসা সেবা নেয়ার পর খুশি করে কেউ ৫০ টাকা কেউ ১০০ টাকা দিয়ে থাকেন। এলাকার নারী-পুরুষ ও শিশু-কিশোরদের চিকিৎসা সেবা দেই। যতদিন বেঁচে থাকবো আমি এমন করেই গরিব দুঃখিদের চিকিৎসা সেবা দিয়ে যাবো।
তিনি আরো বলেন, আমি সমাজের হতদরিদ্র ও অসহায় গরিব মানুষদের চিকিৎসা দিয়ে থাকি। কোনো সময় রোগীর প্রতি আমি গাফিলতি বা অবহেলা করি না। খুবই অল্প টাকা ভিজিট নিয়ে ভালো চিকিৎসা সেবা দেই। মানুষ উপকার পায়। তাই এলাকার অনেকেই আমাকে গরিবের ডাক্তার বলে ডাকেন।