ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার খুন করে পালিয়ে চট্টগ্রাম, পরিচয় পাল্টে সেখানেই ২০ বছর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ৩ অক্টোবর ২০২৩
চার খুন করে পালিয়ে চট্টগ্রাম, পরিচয় পাল্টে সেখানেই ২০ বছর
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে চার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজল হককে চট্টগ্রামে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

এর আগে, সোমবার নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজল হক লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল এলাকার মাহে আলমের ছেলে।

র‍্যাব জানায়, ২০০৩ সালের ১৭ এপ্রিল নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। ঐ সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ঐ ঘটনায় হাতিয়া থানায় আটজনের নামে মামলা হয়।

Advertisement

মামলার পর থেকে বিভিন্ন সময় হত্যাকাণ্ড জড়িত আসামিরা গ্রেফতার হলেও পলাতক রয়ে যান অন্যতম প্রধান আসামি ফজল হক। মামলাটির বিচারকাজ শেষে পলাতক ফজল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, নোয়াখালীতে চার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজল হক চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন- এমন তথ্য আসে র‍্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে সোমবার সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি উক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেন।

এ বিষয়ে র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার আরো বলেন, ঘটনার পর নিজ এলাকা ছেড়ে পরিবার নিয়ে চট্টগ্রামে চলে আসেন ফজল। এখানে দীর্ঘ ২০ বছর পরিচয় গোপন করে কখনো রাজমিস্ত্রি, কখনো দারোয়ানসহ বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত রাখেন। বাড়ি লক্ষ্মীপুর হলেও বায়েজিদ বোস্তামী এলাকার লোকজন তাকে নোয়াখালীর বাসিন্দা হিসেবে জানেন। সর্বশেষ গত ৪-৫ মাস ধরে পরিচয় গোপন করে বায়েজিদ বোস্তামী এলাকায় একটি বসতবাড়ির দারোয়ান হিসেবে চাকরি করে আসছেন তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!