ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

লুটের সময় মেলেনি অনেক টাকা, ক্ষোভে তিনজনকে হত্যা করে খুনিরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ৩ অক্টোবর ২০২৩
লুটের সময় মেলেনি অনেক টাকা, ক্ষোভে তিনজনকে হত্যা করে খুনিরা
আশুলিয়ায় তিনজনকে খুনের অভিযোগে গ্রেফতার দম্পতি সাগর আলী ও ইশিতা বেগম

ঢাকার অদূরে আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- সাগর আলী (৩১) ও তার স্ত্রী ইশিতা বেগম (২৫)। সোমবার রাতে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাব বলছে, কবিরাজ সেজে ঐ বাসায় যান গ্রেফতারকৃতরা। চিকিৎসার নামে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে লুটপাট চালানো হয়। ২০২০ সালে টাঙ্গাইলের মধুপুরে একই কৌশলে একই পরিবারের চারজনকে খুন করা হয়। ঐ ঘটনায়ও সাগর জড়িত ছিলেন। সে সময় র‌্যাব-১২-এর সদস্যরা তাকে গ্রেফতার করেন। মাত্র ২০০ টাকার জন্য ওই খুন করেছিলেন সাগর।

Advertisement

তিনি বলেন, সাড়ে তিন বছর কারাগারে থাকার পর চলতি বছরের জুনে জামিনে মুক্তি পান সাগর। এবার আশুলিয়ায় এক পরিবারের তিনজনকে খুনের ঘটনা ঘটলো।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, কবিরাজ সেজে আশুলিয়ায় ভুক্তভোগীদের বাসায় যান সাগর ও ইশিতা। চিকিৎসার নামে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে লুটপাট করা হয়। এ সময় বাসায় মাত্র পাঁচ হাজার টাকা পাওয়া যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনজনকে খুন করে ঐ দম্পতি।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে বাবুল হোসেন (৫০), শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয়ের (১২) অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বাবুল ও শাহিদা পোশাক কারখানায় চাকরি করতেন। ছেলে মেহেদী হাসান স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।

বাবুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গরুড়া (ফুলবাড়ী) গ্রামে। তার বাবার নাম মৃত সইর উদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!