ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তায় যানজট, প্রতিবাদ করায় সিএনজিচালককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ৪ অক্টোবর ২০২৩
রাস্তায় যানজট, প্রতিবাদ করায় সিএনজিচালককে পিটিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর চাটখিলে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সিএনজিচালিত এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

নিহত মো. সাখাওয়াত উল্ল্যাহ্ (৫৫) উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাইক বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।   

বুধবার সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগর এলাকার মহুরী মার্কেটে এ ঘটনা ঘটে।  

আটককৃতরা হলেন, উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকার ল্যাংটা বাড়ির মৃত মো. নবীর ছেলে মো. রাজু (২২) ও একই এলাকার সুইপার আকবরের ছেলে জাহাঙ্গীর (২৪)।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাখাওয়াত পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি উপজেলার চাটখিল বাজার থেকে নিজ সিএনজি চালিয়ে বাড়ি ফিরছিলেন। যাত্রা পথে তিনি চাটখিল-সোনাইমুড়ী সড়কের মোস্তান নগর এলাকার মহুরী মার্কেট এলাকায় পৌঁছলে দেখেন কয়েকটা ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় এলোমেলোভাবে রাখা হয়েছে। এ কারণে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। তাৎক্ষণিক সিএনজি থামিয়ে তিনি এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখার প্রতিবাদ করেন। এ নিয়ে অটোরিকশাচালক রাজুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রাজু ও তার বন্ধু সিএনজিচালক জাহাঙ্গীর, মুন্না একসঙ্গে সাখাওয়াতকে এলোপাতাড়ি কিল, ঘুষিসহ বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিরা রাস্তার মধ্যে এলোমেলোভাবে গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সাখাওয়াত সিএনজি নিয়ে বাড়ি যাওয়ার পথে গাড়ি পার করতে না পেরে সিএনজি থেকে নেমে জিজ্ঞেস করে তোমরা এভাবে গাড়ি রাখছো কেন। এ কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মারা যান।  

ওসি তদন্ত আবু জাফর আরো বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় ২ আসামিকে আটক করা হয়েছে। তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!