সোমবার দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত এক আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার বড়াকৈর গ্রামের বদর উদ্দিন ওরফে বদু, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের মো. ইসলাম ওরফে কালু, একই গ্রামের ইয়াকুব আলী শেখ এবং গাজীপুরের জয়দেবপুর উপজেলার হারবাইদ গ্রামের বিল্লাল শিকদার।
.png)
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের বাবু মিয়া, ভোলার লালমোহন উপজেলার কলমা গ্রামের শাহ আলম, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের বাবুল শেখ, সিরাজগঞ্জের উল্লাহপাড়া উপজেলার মধুপুর গ্রামের শাহাদাৎ হোসেন এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের আখের আলী।
আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ২০১০ সালে ৬ আগস্ট সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে পাথর নিয়ে ট্রাক চালাক জয়নাল ও হেলপার রুবেল গাজীপুরের শ্রীপুর যাচ্ছিলেন। রাত ২টার দিকে আসামিরা মানিকগঞ্জ থেকে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এরপর ট্রাকচালক জয়নাল ও হেলপার রুবেলকে হত্যা করে লাশ ঐ রাতেই মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ব্রিজের কাছে ফেলে রাখেন।
এ ঘটনার পরের দিন ঘিওর থানা পুলিশ ঐ দুইজনের লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন ও ট্রাকচালক জয়নালের ভাই হারুনার রশিদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করেন ঘিওর থানার এসআই এনামুল হক। পরে আবারো মামলাটি তদন্ত করেন ডিবি’র এসআই আব্দুস সালাম। মামলার তদন্ত শেষে নয়জনকে আসামি করে ২০১১ সালে ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিরা বিভিন্ন সময় আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এক আসামির উপস্থিতে আদালত এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মথুর নাথ সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।