ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে পৃথিবী ছাড়লেন নারীসহ ৩ জন
ব্রাহ্মণবাড়িয়ায় একই দিনে তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, জেলা শহরের ইয়াসমিন আক্তারের (২০) সঙ্গে তার স্বামী সায়মন খন্দকারের পারিবারিক কলহ চলছিল। তাদের সংসারে অভাব-অনটন লেগে থাকতো। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা ও হতাশাগ্রস্ত হয়ে তিনি বুধবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, বুধবার রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের পশ্চিম পাড়ায় মুসাব্বির মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মুসাব্বির ওই এলাকার সামশু মিয়ার ছেলে।
.png)
ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন থাকার কারণে গাছের ডালে গামছা দিয়ে ফাঁস নেন মুসাব্বির।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের দীঘিরপাড় এলাকার মো. মহারাজের মেয়ে শাইলা আক্তার (১৮) গাছের পোঁকা মারার বিষপানে মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার বিষপান করার পর প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তারপর ঢাকা নেয়ার পথে শাইলা মারা যান।