কালীগঞ্জের বেলাই বিল হলো সবুজ ফসলের মাঠ। আবার বর্ষায় ঐ মাঠগুলোই সবুজের গালিচার পরিবর্তে রূপান্তরিত হয় জলরাশিতে। পুরো প্রকৃতিতে তখন প্রাণের সঞ্চার হয়। বিল বা নদীরপাড়ে সূর্যোদয় বা সূর্যাস্ত। বিলের জলে হাঁসেদের ডুব-সাঁতার। নদীর ধারে সোডিয়ামের আলো-আঁধারের খেলা। বিলের জলে জেলেদের রাজত্ব বা মাঝি-মাল্লার গল্প, সবকিছুই দৃষ্টিনন্দন কালীগঞ্জের সদস্যরা তুলে আনছেন তাদের মুঠোফোনের ক্লিকে।
একজন নয়, দু’জন নয়, পুরো হাফ ডজন কর্মী দৃষ্টিনন্দন কালীগঞ্জ ফেসবুক গ্রুপের মাধ্যমে নিজ উপজেলার সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছেন বিশ্বময়। শুধু যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ উপজেলাকে উপস্থাপন করছেন তা কিন্তু নয়। যুব সমাজকে মাদক, মোবাইল গেমিং ও সব প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখতে মাঝে মাঝে আয়োজন করছেন বিষয়ভিত্তিক ছবি তোলার প্রতিযোগীতা। আবার প্রতিযোগীদের বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে সম্মাননা।
.png)
সম্প্রতি কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে ময়েজ উদ্দিন চত্বরে স্থানীয় গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী ও নদীকর্মীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় বিষয়ভিত্তিক ছবি তোলা প্রতিযোগীতায় কয়েকটি ক্যাটাগরিতে পাঁচজন বিজয়ীকে সম্মাননা দেওয়া হয়।
বিজয়ীরা হলেন- এসপি সুমন, ফরহাদুল ইসলাম, সুমন হোসেন সৈকত, হাসিব খান ও নিলাদ্রী রিয়ানা রিয়া। আর পুরো এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
এসময় দৃষ্টিনন্দন কালীগঞ্জ গ্রুপের প্রধান নুরুল ইসলাম, অ্যাডমিন মোকাররাম হোসেন, শাওন ইসলাম, মডারেটর সোয়েব সুলতান অনিকসহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় বিজয়ীরা বলেন, রুপ সৌন্দর্যে অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ নিজ উপজেলার ছবি বিশ্বময় ছড়িয়ে দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করি। ছবি তোলা আবেগ আর ভালবাসার খোরাক। ছবি তোলার মাধ্যমে প্রকৃতির প্রেমে পড়লে অন্যকিছুর প্রেমে না পড়লেও চলে।
মডারেটর সোয়েব সুলতান অনিক বলেন, যুব সমাজকে মাদক ও মোবাইল ফোনের বাজে ব্যবহার থেকে দূরে রাখতে দৃষ্টিনন্দন কালীগঞ্জ কর্মীদের উদ্যোগও দৃষ্টিনন্দন।
অ্যাডমিন মোকাররাম হোসেন বলেন, শীতলক্ষ্যা নদী, বেলাই বিল, ভাদার্ত্তী খাল, সবুজ ফসলের মাঠ, সমৃদ্ধ গ্রামাঞ্চল এ যেন ইন্দ্রিয় আত্মার বিশ্রাম দেয়। আর কালীগঞ্জ, প্রাকৃতিক সৌন্দর্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। আর সেটা আমরা দৃষ্টিনন্দন কালীগঞ্জ গ্রুপের মাধ্যমে বিশ্বের সব ভাষাভাষির দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।