ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি থেকে পালিয়ে পাবনায় ৩ শিশু, পরিবারকে খুঁজছে পুলিশ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ৩০ অক্টোবর ২০২৩
বাড়ি থেকে পালিয়ে পাবনায় ৩ শিশু, পরিবারকে খুঁজছে পুলিশ
ছবি: সংগৃহীত

১১ বছরের রাহাত সরকার, ১২ বছরের আকাশ আহম্মেদ ও আট বছরের ইয়ামিন আহম্মেদ। গত ২৮ অক্টোবর বাইসাইকেল ও স্কেটিং সু না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যায় তারা। তাদের উদ্দেশ্য ছিল নানা বাড়ি যাবে। কিন্তু ভুল ট্রেনে উঠে পরলে ঈশ্বরদী বাইপাস স্টেশনে এসে পড়ে তারা। সেখান থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেসে উঠে পাবনা সদরের রাঘবপুর রেল স্টেশনে নামে। সেখান থেকে তাদের উদ্ধার করে থানায় হস্তান্তর করেন স্থানীয়রা। বর্তমানে তারা পাবনা সদর থানা হেফাজতে রয়েছে। তাদের পরিবারকে খুঁজছে পুলিশ।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী। এর আগে, রোববার সন্ধ্যায় পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের রাঘপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চেয়ে পাবনা সদর থানা পুলিশে হস্তান্তর করে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।

উদ্ধার হওয়া তিন শিশু হলো- ঢাকা কমলাপুর রেলস্টেশন এলাকার মৃত সোহেল সরকার ও রুমানা দম্পতির ছেলে রাহাত সরকার। ঢাকার বিমানবন্দর এলাকার সিরাজ আহম্মেদে ছেলে আকাশ আহম্মেদ ও ইয়ামিন আহম্মেদ।

Advertisement

থানা সূত্রে জানা যায়, মায়ের কাছে বাইসাইকেল ও স্কেটিং সু আবদার করেছিল তারা। দুই পরিবার তাদের এই আবদার পূরণ না করায় গত শনিবার (২৮ অক্টোবর) তারা বাড়ি থেকে পালিয়ে যায়। ওই তিন শিশু প্রথমে জয়দেবপুর স্টেশন থেকে ট্রেন করে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তবে না জেনে ভুল ট্রেনে উঠে পরলে তারা ঈশ্বরদী বাইপাস স্টেশনে এসে পড়ে। পরে সেখান থেকে তারা রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেসে উঠে পাবনা সদরের রাঘবপুর রেল স্টেশনে নামে। সেখান থেকে তাদের উদ্ধার করে থানায় হস্তান্তর করেন স্থানীয়রা।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, পরিবারের সঙ্গে রাগ করে এই তিন শিশু ভুল ট্রেনে উঠে পাবনায় চলে এসেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তারা এর আগেও বেশ কয়েকবার বাড়ি থেকে পালিয়েছে বলে জানা গেছে। শিশুদের পরিবারে সদস্যদের সন্ধান করা হচ্ছে। সন্ধান পেলে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!