ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, কব্জি হারালেন যাত্রী
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় মাজেদ খান নামে এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। রোববার রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক আনোয়ার হোসেনকে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
আহত মাজেদ খান সিলেট কুলাউড়ার ইসহাক খানের ছেলে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের কাছাকাছি মধুমিতা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রেলক্রসিংয়ের পাশে থাকা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এ সময় ট্রেন যাত্রী মাজেদের বাম হাত ট্রেনের জানালার বাইরে থাকায় কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেন থামিয়ে আহত মাজেদকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতেলে পাঠান স্থানীয়রা।
.png)
টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, রেললাইনের ওপর ট্রাকটি উঠে পড়লে ধাক্কা দেয় ট্রেনটি। এতে এক যাত্রীর কব্জি বিচ্ছিন্ন হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের এসআই ছোটন শর্মা বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।