ট্রাভেল ব্যাগে ১০ কেজি গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিলেন দুই যুবক
ফেনীর ফুলগাজী উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার সকালে ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট এলাকায় যাত্রী ছাউনির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কনিকাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মেজবাহ উদ্দিন এবং পটুয়াখালীর রাঙ্গাবালী থানার কেরোনিয়া এলাকার হারুন মিস্ত্রির ছেলে রাজিব মিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরশুরামের সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন দুই যুবক- এমন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মেজবাহ উদ্দিন এবং রাজিব মিয়ার ট্রাভেল ব্যাগ থেকে পাঁচ কেজি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)